ডি মারিয়াকে চান রোনালদো
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২১:৫৫
খুবই জোরালো গুঞ্জন, উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে করে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। এমন অবস্থায় এই আর্জেন্টাইনকে বিক্রি না করতে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি আহ্বান জানিয়েছেন ক্লাবের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অধিনায়ক সার্জিও র্যামোস।
ব্রাজিল বিশ্বকাপের সেনসেশন কলম্বিয়ার হামেস রড্রিগেজ ও জার্মানির টনি ক্রুস রিয়ালে নাম লেখালে ডি মারিয়া জোরালোভাবে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন। কেননা নতুন দুই তারকার সংযোজনে প্রথম একাদশে জায়গা হারানোর শঙ্কায় আছেন ডি মারিয়া। অর্থের যোগান পেতে ২৬ বছর বয়সী এই তারকাকে বিক্রির জন্য আগ্রহ দেখান রিয়াল প্রেসিডেন্ট। এই আর্জেন্টাইন উইঙ্গারকে পেতে খুবই আগ্রহী ম্যানইউ। আগ্রহ দেখাচ্ছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনও।
এমন অবস্থায় উভয়সংকটে পড়লেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো। মার্কা জানিয়েছে, ক্লাবের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোনালদো এবং অধিনায়ক র্যামোস ডি মারিয়াকে বিক্রির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। অ্যাটলেটিকোর বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রথম লেগের লড়াইয়ের সময় রিয়ালের ভক্তরাও ডি মারিয়াকে ধরে রাখার পক্ষে সমর্থন দিয়েছেন। খেলার ৭৭ মিনিটে লুকা মড্রিকের পরিবর্তে মাঠে নামলে এই আর্জেন্টাইন ফুটবলারকে অভিনন্দনও জানিয়েছেন সমর্থকরা।
তবে রিয়াল কোচ কার্লোস আনচেলত্তি জানিয়েছেন, খোদ ডি মারিয়া নিজেই ক্লাব ছাড়তে চান এবং এ ব্যাপারে চলতি দল বদল শেষ হওয়ার আগেই সমাধান খোঁজা হবে, ‘গ্রীষ্মের এই দল বদলে অংশ নিতে ডি মারিয়া আবেদন জানিয়েছিল। মাদ্রিদে থেকে যাওয়ার জন্য ক্লাব প্রস্তাব করলেও সে তা প্রত্যাখ্যান করে দিয়েছে। এ ব্যাপারে আমরা এখন সমাধান খুঁজছি। আশা করি এই দল বদল মৌসুম শেষ হওয়ার আগেই আমরা এর সমাধান পাবো। কিন্তু এখন সে মাদ্রিদের খেলোয়াড়। আমরা এমন একটি সমাধান চাই যার সঙ্গে এই খেলোয়াড় নিজেকে মানিয়ে নিতে পারবে।’
এ ব্যাপারে রিয়াল কোচ আরো বলেন, ‘আমি বিস্মিত। মনে হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের সবার মতৈক্য নেই। মনে রাখতে হবে এখানে আমরা সবাই একই সারিতে আছি। যদি ডি মারিয়া তার ভবিষ্যত্ নিয়ে কোনো সমধান খুঁজে না পায়, তাহলে সে এখানেই থাকবে। আমরা তাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবো এবং সে এখানেই খেলে যাবে। এটা কোনো সমস্যা নয়।’
ডি মারিয়া স্প্যানিশ সুপারকাপে দ্বিতীয় লেগে আজ খেলতে পারে বলে জানালেন আনচেলত্তি, ‘অন্য সব খেলোয়াড়ের মতো অ্যাটলেটিকোর বিপক্ষে দ্বিতীয় লেগের লড়াইয়েও তাকে দেখা যাবে।’
বেনফিকা থেকে ২০১০ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান আক্রমণাত্মক মিডফিল্ডার ডি মারিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে তার চুক্তি শেষ হবে ২০১৮ সালের গ্রীষ্মে। চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও চলতি দল বদলে এ আর্জেন্টাইনকে প্রায় ছয় কোটি ইউরোতে রিয়াল ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, স্যামি খেদিরারও রিয়াল ছাড়ার সম্ভাবনা রয়েছে। জার্মানির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য এরই মধ্যে আর্সেনাল, চেলসি এবং বায়ার্ন মিউনিখ আগ্রহ প্রকাশ করেছে। যদিও খেদিরার ব্যাপারটি ডি মারিয়ার পরিস্থিতির মতো নয় বলে জানালেন আনচেলত্তি, ‘খেদিরার পরিস্থিতি ডি মারিয়া থেকে ভিন্ন। ক্লাবের সঙ্গে আর এক বছর চুক্তি অবশিষ্ট আছে তার। তাছাড়া সমপ্রতি জটিল ইনজুরি কাটিয়ে মাত্র দলে ফিরেছে সে। দেখি কী হয়। দল বদলে যেতে আমরা তাকে অনুরোধ করিনি।’