লন্ডনে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২২:০৩
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার কমনওয়েলেথর মহাসচিব কমলেশ শর্মা’র সাথে লন্ডনে কমনওয়েল্থ সচিবালয় মালবোরো হাউজে সাক্ষাত্ করেছেন। এ সময় তারা টেকসই উন্নয়নের লক্ষ্যে কমনওয়েল্থভুক্ত দেশসমূহের সংসদ-সদস্যদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্পিকার বলেন, কমনওয়েল্থভুক্ত সদস্য দেশসমূহের সংসদ-সদস্যদের মতামত কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশনের মাধ্যমে উত্থাপিত হতে পারে। জনগণ দ্বারা নির্বাচিত সংসদ-সদস্যদের মতামত জনগণের মতামতেরই প্রতিফলন। সিপিএভুক্ত দেশসমূহের সংসদ-সদস্যদের সুপারিশসমূহ কমনওয়েল্থভুক্ত দেশসমূহের সরকারের কাছে পাঠানো যেতে পারে বলে মত দিয়ে শিরীন শারমিন বলেন, যাতে সদস্য দেশসমূহের উন্নয়ন পরিকল্পনায় এসব সুপারিশ অন্তর্ভুক্ত হতে পারে।
কমনওয়েলেথর মহাসচিব বলেন, কমনওয়েল্থভুক্ত সদস্য দেশসমূহের সামগ্রিক উন্নয়নে কমনওয়েল্থ সেক্রেটারিয়েট এবং সিপিএ একযোগে কাজ করতে পারে। অন্যদের মধ্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।