অতিরিক্ত টিভি দেখা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২২:০৩
অতিরিক্ত টিভি দেখা স্বাস্থ্যের জন্য ভালো নয় এমন অনেক গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞগণ বলছেন, একই ধরনের অভ্যাস, একই ধরনের খাবার বা একই ধরনের বিনোদন যেমন সব সময় ভাল লাগে না তেমনি সব সময় একই ধরনের অভ্যাসের অতিমাত্রাও স্বাস্থ্যের জন্য ভালো নয়।
এক্ষেত্রে টেলিভিশন দেখাও ব্যতিক্রম নয়। তবে বিশেষজ্ঞগণ একাধিক গবেষণা রিপোর্টের উল্লেখ করে বলেছেন, অতিমাত্রায় টিভি দেখা থেকে জীবনীশক্তি হ্রাস, গড় আয়ু হ্রাস এমনকি অকাল মৃত্যুও অস্বাভাবিক নয়। এক্ষেত্রে বিশেষজ্ঞগণ যে তথ্যটি দিয়েছেন তা যথেষ্ট উদ্বেগজনক। যদিও এধরনের তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন থাকা অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞগণ বলছেন, বয়স ২৫ বছরের বেশি হলে প্রতি ১ ঘণ্টা টিভি দেখার জন্য ২২ মিনিট করে আয়ু কমে।
গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়, যারা বেশি টিভি দেখে তাদের ইনঅ্যাকটিভিটির কারণে হূদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। এব্যাপারে বেকার আইডিআই হার্ট এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড: ব্রিজিড লিনস মনে করেন অতিরিক্ত টিভি দেখা ক্ষতিকর এ নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। তবে সম্প্রতি স্পেনে পরিচালিত এক গবেষণায় উল্লেখ করা হয়, যারা একটানা ৩ ঘণ্টার বেশি টিভি দেখেন তাদের স্বাস্থ্যগত ঝুঁকি দ্বিগুণ।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ