সশস্ত্র বাহিনী-যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের যৌথ অনুশীলন সমাপ্ত

ঢাকায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ড (ইউএসএআরপিএসি) এর যৌথ উদ্যোগে ঢাকা শহরে সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন সংক্রান্ত ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ ২০১৪-এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল গেরি এম হারাসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুশীলনে অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে—সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, যোগাযোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল এভিয়েশন, সিটি করপোরেশন ইত্যাদি। যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর মধ্যে রয়েছে—ইউএস আর্মি প্যাসিফিক, ওরিগন ন্যাশনাল গার্ড, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং বৈদেশিক দুর্যোগ সহায়তা। এছাড়াও অংশগ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কেয়ার বাংলাদেশ, জাতিসংঘেরও সিএইচএ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, সিডিএমপি এবং বিবিসি মিডিয়া এ্যাকশন। এসব দেশি-বিদেশি সংস্থার ১ শ ৫০ জন প্রতিনিধি এ অনুশীলনে অংশগ্রহণ করেন। ঢাকায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সকল সংস্থার কার্যক্রমের যথার্থতা যাচাই ছিল এ অনুশীলনের মূল প্রতিপাদ্য। ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত এ অনুশীলনে সামরিক-বেসামরিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৭শ’ থেকে ৮শ’ জন অংশগ্রহণ করেন। মিরপুরের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স প্রশিক্ষণ একাডেমি এবং তেজগাঁওয়ের পুরাতন বিমান বন্দরে এ অনুশীলন হয়। —আইএসপিআর