ধামরাইয়ে শ্রেণীকক্ষ থেকে ছাত্রী অপহরণের চেষ্টা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৩
ধামরাইয়ের রাজাপুর কহেলা বাহরাম মল্লিক হাই স্কুলে গতকাল বৃহস্পতিবার দুপুরে একদল অপহরণকারী ক্লাস রুম থেকে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। তবে পুলিশ, ছাত্র ও গ্রামবাসীদের সহযোগিতায় মূল অপহরণকারী শামীম মল্লিক (৫৫), সহযোগী শাহীন (৪৫), বাবর আলী (৩৫) ও নিলয়কে (২৪) আটক করা হয়েছে।
জানা যায়, জাপান ফেরত দক্ষিণ রাজাপুর গ্রামের শামীম মল্লিক ঐ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাকে স্কুল থেকে অপহরণের চেষ্টা করে। এসময় তার সহপাঠীরা বাধা দিলে তারা ছাত্রদের ওপর হামলা চালায়। খবর পেয়ে গ্রামবাসী ও পুলিশ অপহরণকারীদের আটকের চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে অপহরণকারীরা। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ, ছাত্র ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আটক করা হয় অপহরণকারীদের। তারা ছুরি নিয়ে ছাত্রদের ওপর হামলা করলে মারুফ নামের এক ছাত্র গুরুতর আহত হয়। তাদের আটকের পর বিক্ষুব্ধ গ্রামবাসী ও শিক্ষার্থীরা অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার অপহরণকারীদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে থানায় নিয়ে যান। পুলিশ জানায়, মামলার প্রস্তুতি চলছে।