প্রধানমন্ত্রীর গাড়ি ভেঙে ল্যাপটপ চুরি!
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২২:৫৫
দেশের সব মানুষকে রক্ষার দায়িত্ব নেন একটি দেশের প্রধানমন্ত্রী। দেশে ছিনতাই, রাহাজানি, খুন, ডাকাতি বেড়ে গেলে প্রধানমন্ত্রীকেই জবাবদিহি করতে হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করে তার বিরুদ্ধে আন্দোলনও দানা বাঁধে। কিন্তু সেই প্রধানমন্ত্রীই যদি চুরির শিকার হন তখন কি পরিস্থিতি হয়! ভালো বলতে পারবেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো। কারণ, গাড়ি থেকে তার ল্যাপটপ নিয়ে গেছে এক চোর। বিষয়টি গোপন ছিল। কিন্তু একটি পত্রিকা এই তথ্য জানানোর পর প্রধানমন্ত্রী পুলিশের কাছে চুরির তথ্য জানিয়েছেন। পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, তাদের হাতে দেশের আভ্যন্তরীণ রাজনীতি এবং প্রধানমন্ত্রীর পরিবার সম্পর্কে অনেক তথ্য তারা পেয়েছেন। ল্যাপটপের সঙ্গে একটি ব্রিফকেস, স্যুট, মোবাইল ফোনের চার্জারও চুরি গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। চুরির সময় প্রধানমন্ত্রী ব্যায়ামে ব্যস্ত ছিলেন। আর তার গাড়ির চালক ছিলেন একটি বইয়ের দোকানে। এই সুযোগের ভালই সদ্ব্যবহার করেন চোর। গাড়ির এক পাশের জানালা ভেঙ্গে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর। গোপন তথ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন তথ্য রক্ষিত। নিয়ম মেনেই এটা করা হয়েছে। এসব তথ্য বের করা সম্ভব হবে না। চুরি নিয়ে যতো কথাই হোক না কেন চোর যে অত্যন্ত সাহসী সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ধরা হয়তো তাকে পড়তে হবে। পুলিশও জোর প্রচেষ্টা চালাচ্ছে চোরকে খুঁজে বের করার। -বিবিসি