মাওয়ার তিন ফেরি ঘাটের দুটিই বন্ধ গাড়ির দীর্ঘ লাইন
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২৩:০২
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ঘোষণার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সচল হয়নি মাওয়ার তিন নম্বর রো রো ফেরিঘাট। ঘাটে পন্টুনের সাথে র্যাম স্থাপনের কাজ চলছে। দুই নম্বর ঘাটেও চলছে পন্টুন স্থাপনের কাজ। এখন শুধু এক নম্বর ঘাট দিয়ে কোনরকমে ফেরি সার্ভিস সচল রয়েছে। এতে উভয় পাড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পণ্যবোঝাই ট্রাকগুলো দুই থেকে তিন দিন ধরে দুই পাশের ঘাটে পারাপারের অপেক্ষায়। মাওয়া ঘাটের চৌরাস্তা থেকে ট্রাকের সারি দুই কিলোমিটার পর্যন্ত শ্রীনগর উপজেলার দোগাছি ছাড়িয়ে গেছে। কাওড়াকান্দি ঘাটেও এই লাইন আরও দীর্ঘ। দু’ পাড়ে অন্তত: পাঁচশ’ যান পারাপারের অপেক্ষায়।
এদিকে, মাওয়া মূল ফেরিঘাট বিলীন হয়ে যায় ২০১২ সালে। দুই বছর পর নতুনঘাটও নদী ভাঙ্গনের কবলে। কিন্তু ভাঙ্গন প্রতিরোধে সংশ্লিষ্টরা উদাসীন। অভিযোগ রয়েছে এই খাতে অর্থ বরাদ্দ হলেও অধিকাংশই লোপাট হয়ে যায়।