নীলফামারীতে কাজের মেয়েকে হত্যা করে শিশু অপহরণ

নীলফামারীর থানাপাড়ায় কাজের মেয়েকে ধর্ষণের পর খুন করে অপহরণ করে নিয়ে যাওয়া দেড় বছরের শিশু জুনায়েদকে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার ৩ নায়কসহ ১ মহিলাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর নজিরেরহাটের চন্দনপাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে অপহূত শিশুকে উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামের একাব্বর আলীর পুত্র আনোয়ার হোসেন (৩২), একই উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মকবুল বেগের পুত্র মুকুল বেগ (১৬) ও একই গ্রামের ওহেদুল ইসলামের পুত্র রাশেদুল (১৮)। পুলিশ জানায়, অপহরণকারীদের মোবাইল ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে এলাকাবাসীর সহায়তায় শ্রীরামপুর এলাকার আব্দুর রশীদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে অপহরণের ঘটনায় জড়িত আনোয়ার হোসেন, মুকুল বেগ ও রাশেদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম’র কার্যালয়ে হাজির করা হলে সেখানে অপহরণকারী মুকুল বেগ জানান, তারা শিশুটিকে অপহরণ করার সময় ওই বাড়ির গৃহপরিচারিকা তাদের দেখে ফেলায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।