শিগগিরই উত্তরায়ণ একাডেমি প্রতিষ্ঠা করা হবে

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। রবীন্দ্র চর্চা ও গবেষণামূলক প্রতিষ্ঠান ‘উত্তরায়ণ’-এর পরিচালকও তিনি। আগামী ২৩ আগস্ট সংগঠনটি পাঁচ বছরে পা দিচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ উত্তরায়ণের বিশেষ আয়োজন ‘সেলুলয়েডে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠান এবং রবীন্দ্রচর্চা নিয়ে বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন সাইফুল ইসলাম জুয়েল প্রথমেই উত্তরায়ণ প্রসঙ্গে আসি। উত্তরায়ণের যাত্রা কীভাবে শুরু হলো? আসলে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। আমি এবং বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী হিমাদ্রী শেখর মিলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি। আমাদের ইচ্ছে ছিল রবীন্দ্রনাথকে নিয়ে আমরা নিজেরা কিছু করবো। তাছাড়া, আমাদের ছাত্র-ছাত্রীরা, যারা রবীন্দ্র সংগীত শিখছে, তারা এ ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিল এবং আমাদেরকেও অনেক উত্সাহ যুগিয়েছে। উত্তরায়ণ কী শুধু রবীন্দ্র চর্চা কেন্দ্রিক প্রতিষ্ঠান? হ্যাঁ, এটা সম্পূর্ণই রবীন্দ্র চর্চা কেন্দ্রিক প্রতিষ্ঠান। এখানে যেমন রবীন্দ্র সংগীতের চর্চা হয়, তেমনি রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন গবেষণামূলক কাজও আমরা করে থাকি। আসলে, আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যাতে কেবলই শিল্পী না হয়, পাশাপাশি তারা একজন ভালো মানুষ হিসেবেও নিজেদেরকে গড়ে তোলে। সে জন্যই আমরা রবীন্দ্রনাথকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। উত্তরায়ণের পঞ্চম জন্মবার্ষিকীর প্রস্তুতি কেমন? প্রস্তুতি ভালোই চলছে। আজ সন্ধ্যায় আমাদের অনুষ্ঠান উপলক্ষে এতদিন আমরা নিজেরাই রিহার্সেল করেছি। এ উপলক্ষে কলকাতা থেকে কয়েকজন মিউজিশিয়ান আসছেন। তাদের নিয়ে রিহার্সেল করা হয়েছে। অন্যান্য বার আমরা জুন মাসের ২৯-৩০ অথবা শেষের শুক্র-শনিবার দেখে অনুষ্ঠানটি করে থাকি। এবার রোজার কারণে সময়টা পিছিয়েছি। আশা করছি আমাদের এবারের আয়োজনটি ভালোই হবে। এবারের আয়োজনের পরিসর আরো বৃদ্ধি করা যেত কি? আসলে যে কোনো কাজ করতে গেলেই মনে হবে-কাজটা আরো ভালোভাবে করা যেত। তবে আমার মনে হয়, আমরা অনেক বেশি পরিসরেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেছি। যে কোনো কাজেই লিমিটেশন থাকে। অনেক টাকা পয়সার দরকার হয়, স্পন্সরের একটা ব্যাপার থাকে। তাছাড়া খুব বেশি দিন হয়নি আমাদের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। আশা করছি, নিকট ভবিষ্যতে নিশ্চয়ই আরো বড় পরিসরে সব কিছুর অয়োজন করা হবে। আর শিগগিরই উত্তরায়ণ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। আপনার রবীন্দ্র চর্চা কেমন চলছে? গত ২২ শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল নাইন, ইটিভি, চ্যানেল আইসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রবীন্দ্র সংগীত পরিবেশন করেছি। তাছাড়া সাম্প্রতিক কলকাতা গিয়েও প্রোগ্রাম করে এসেছি। সামনে কোনো অ্যালবামের কাজ করছেন কী? কাজ হয়েছে, সম্ভবত এই পূজোতে সিডিটা বাজারে রিলিজ হবে। এবারের কাজটির রেকর্ডিংসহ সব কিছুই কলকাতায় হয়েছে। এখানে কলকাতার শিল্পী তপন সিং এবং আমি দুজনে যৌথভাবে করেছি।