ঢাকার পার্শ্ববর্তী ১৭ ইউপিতে ভোটার হালনাগাদ শুরু
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:০১
ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের ১৭ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তারও বেশি হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত মোট নয় দিন এ সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। হালনাগাদে আর যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাদের ছবি তোলা হবে ১ সেপ্টেম্বর থেকে। এ জন্য কমিশন ৫১৪জন তথ্যসংগ্রহকারী ও ১০৪ জন সুপারভাইজার নিয়োগ দিয়েছে। ইউনিয়নগুলো হলো-উত্তরখান, দক্ষিণ খান, হরিরামপুর, ডুমনী, বেরাইদ, সাঁতারকুল, বাড্ডা, ভাটারা, দক্ষিণগাঁও, মান্ডা, সুলতানগঞ্জ, নাসিরাবাদ, ডেমরা, সারুলিয়া, মাতুয়াইল, দনিয়া ও শ্যামপুর। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ১১ সেপ্টেম্বর থেকে ছবি তোলার কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন ইত্তেফাককে জানান, ঢাকার ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পরিচয়পত্র বহন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ইউএনও, জেলা, থানা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ কাজ তদারকি করবেন। বর্তমানে সিটি করপোরেশনসহ ঢাকা জেলায় মোট ভোটার ৬০ লাখ ২২ হাজার ৮৯৯ জন।