ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা

মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের সনাক্ত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কুমিল্লা জেলা পুলিশ ও জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর উদ্যোগে প্রাথমিক ভাবে মহাসড়কে কুমিল্লার ৯৭ কিলোমিটার এলাকার বিশেষ ছয়টি স্থানে ১২টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের কাজ চলছে। ইমপিরিয়াল টেকনোলজির আধুনিক এই ক্যামেরা স্থাপনের কাজ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, ‘প্রাথমিক ভাবে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, বাগুর বাস স্টেশন, ময়নামতি সেনানিবাস, পদুয়ার বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি এলাকায় মোট ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এ ডিভাইস স্থাপনের মাধ্যমে মহাসড়কের যানজট পরিস্থিতি, অপরাধ কর্মকাণ্ড এবং পুলিশের কর্মরত টিম কোথায় আছে, কি করছে সব কিছু পর্যবেক্ষণ করা হবে। আপনার স্মার্ট ফোনের মাধ্যমে আপনিও এর সুবিধা ভোগ করতে পারবেন। এ কার্যক্রম জেলা অফিস থেকে নিয়ন্ত্রণ করা হবে’। বুধবার চান্দিনার বাগুর বাস স্টেশনের উভয় পাশে ২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।