বার কেজি সোনা উদ্ধার, আটক ২
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:০৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১২ কেজি ৩শ’ গ্রাম সোনাসহ মো. আল আমিন ও মো. শাহীন মিয়া নামক দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং কমলাপুল রেল স্টেশনে রেলওয়ে থানার পুলিশ উল্লিখিত সোনাসহ দুই জনকে আটক করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর ৬টায় আল আমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা তার ব্যাগ তল্লাশি চালিয়ে এক কেজি ওজনের পাঁচটি সোনার বার, ৫শ’ গ্রাম ওজনের একটি বার ও ১শ’ গ্রাম করে ১৮টি বারসহ মোট ৭ কেজি ৩শ’ গ্রাম সোনা উদ্ধার করেন। যার মূল্য প্রায় তিন কোটি ৬৫ লাখ টাকা। আটক আল আমিনের বাড়ি নারায়ণগঞ্জে।
এদিকে কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে মো. শাহীন মিয়া নামক একজন কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। রেলওয়ে থানার পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে প্রায় ৫ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেন। যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।