ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:০৯
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সামপ্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জঙ্গি সংগঠনটি সম্পর্কে এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন।
হেগেল বলেন, এই সংগঠনটিকে শুধু সন্ত্রাসী গোষ্ঠী বলা যাবে না। তাদের মতধারা ও সামরিক কর্মকৌশল— সবমিলিয়ে তারা এক ভয়ানক হুমকি। আগে দেখা যেকোনো ইসলামি জঙ্গি সংগঠনের সাথে তাদের তুলনা করলে ভুল হবে। ইসলামিক স্টেটের খুব ভাল অর্থায়ন আছে বলেও মনে করেন তিনি। হেগেল বলেন,‘তারা শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, এর থেকেও বেশি কিছু। এর আগে আমরা যা দেখেছি এগুলো সব ছাড়িয়ে গেছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ইসলামিক স্টেট সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা খুবই পরিষ্কার। আর তা হলো এটি একটি দীর্ঘমেয়াদী হুমকি। তাই এই সংগঠনকে রুখতে মার্কিন কৌশলও হবে দীর্ঘমেয়াদী। সিরিয়া এবং ইরাকে এই সংগঠনটিকে রুখতে একটি আঞ্চলিক কোয়ালিশন দরকার বলেও মনে করে ওয়াশিংটন। হেগেল আশংকা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরাকে আইএসের অগ্রযাত্রা রুখতে সহায়তা করলেও জঙ্গিরা আবার সংগঠিত হয়ে উঠতে পারে।
ইরাকে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে আইএস মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে জবাই করে হত্যার ভিডিও প্রকাশ করার পর এসব কথা বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ইতোমধ্যে ফোলির হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র একটি আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করেছে। ফোলি ও সিরিয়ায় বন্দি যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদের উদ্ধারে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করলেও তা ব্যর্থ হয়েছে বলে এরই মধ্যে জানা গেছে। তবে জঙ্গিদের হাতে আরো মার্কিন নাগরিক জিম্মি থাকার পরও যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে মার্কিন সরকার।