ভারতের কেরালায় বন্ধ হচ্ছে মদ বিক্রি

ভারতের কেরালায় মদবিক্রি ও মদপান নিষিদ্ধ করতে যাচ্ছে রাজ্য সরকার। সামপ্রতিক সময়ে রাজ্যটিতে মদপান আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নিচ্ছেন তারা। সেইসঙ্গে তারা বিভিন্ন মদের দোকানও বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চান্ডি বলেন, আগামী দশ বছরের মধ্যে পুরোপুরি এর উপরে নিষেধাজ্ঞা আনা হবে। এ কারণে আমরা সাত শতাধিক পানশালা ও অন্যান্য যেসব দোকানে মদবিক্রি হয় তা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যদিয়ে আমরা এখানকার চরম দুর্নাম ঘুচিয়ে রাজ্যটিকে মদপানমুক্ত বলে ঘোষণা করবো। উল্লেখ্য ভারতে সবচেয়ে বেশি মদপান করা হয় এই রাজ্যে। সঙ্গত কারণেই এখানে মদবিক্রির পরিমাণও বেশি। বছরে গড়ে কেরালায় একব্যক্তি আট লিটারেরও বেশি মদপান করে থাকে। চিকিত্সক এবং মানবাধিকার কর্মীরা এ ধরণের ভয়াবহ অবস্থায় সেখানে মদপানে নিষেধাজ্ঞা আনার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।