কে দেখতে চান স্বজনের অস্বাভাবিক মৃত্যু

কে জানতো যাত্রার শেষ হবে এভাবে? গত ৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে ৩ শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে ডুবে যায় পিনাক-৬ লঞ্চ। কেউ কেউ ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও না ফেরার দেশে যাত্রা করলো বেশিরভাগই। তার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। শেষ পর্যন্ত নিখোঁজ হয়েছে ৬১ জন। লাশ উদ্ধার করা হয় ৪৬টি। অতিরিক্ত যাত্রী বোঝাই, ঝড়ের পূর্বাভাস সত্ত্বেও লঞ্চ চলাচল, লঞ্চের ওপরের ডেকে অতিরিক্ত মালামাল বহন, যাত্রীদের জন্য নৌযান সংকট ইত্যাদি কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ নৌযান এবং দুর্ঘটনাকবলিত লঞ্চ দ্রুত উদ্ধার করার জন্য নেই সেরকম উন্নত উদ্ধারকারী যন্ত্র ও জাহাজ। ফলে যাত্রীদের বেশিরভাগই লাশ হয়ে ফেরে। কিন্তু এরকম লঞ্চ দুর্ঘটনায় নিহত যাত্রীদের দায়ভার কে নেবে? বেশিরভাগ সময় লঞ্চ মালিকেরা নিষেধাজ্ঞা সত্ত্বেও অতিরিক্ত যাত্রী বোঝাই করেন অথবা ঈদের সময় যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকায় লঞ্চ ও স্টিমারের স্বল্পতার কারণে বাধ্য হয়েই মরণ যাত্রা করতে হয়। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার নিয়ে সরকার, নৌমন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। মাওয়া ও কাওড়াকান্দি নৌপথের লঞ্চ ব্যবসা নিয়ন্ত্রণ করছে রাজনীতিক ও প্রভাবশালী মালিকেরা। এই পথের বেশিরভাগ লঞ্চই বহু পুরাতন। পিনাক-৬ উদ্ধারে ব্যবহূত হয়নি অত্যাধুনিক প্রযুক্তি। দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে কোরীয় প্রেসিডেন্ট এর দায় স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগ করলেন। কিন্তু পিনাক-৬-এর দুর্ঘটনায় নৌমন্ত্রী দুঃখ প্রকাশ করা প্রয়োজন বলেও মনে করলেন না। সমুদ্র পরিবহন অধিদপ্তর অনুযায়ী অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ২০০৫-এ আনা সংশোধনীতে ৫ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এটি সংশোধন বিষয়ে প্রস্তাব নৌমন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এই সামান্য শাস্তি ও জরিমানা ক্ষতিগ্রস্তদের কী সান্ত্বনা দেবে? ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেওয়া হয় সামান্য ক্ষতিপূরণ। চোখের সামনে স্বজনের এরকম অস্বাভাবিক মৃত্যু কে দেখতে চান? এর দায়ে লঞ্চ মালিকের সর্বোচ্চ কিছুদিনের সাজা ও জরিমানা হবে। কিন্তু সর্বহারা পরিবারের কী হবে? শুধু কি সন্তানহারা পিতা বুকে সন্তানের ছবি নিয়েই বিষাদময় স্মৃতিগুলো মনে করবেন? তাঁরা কি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি আশা করতে পারেন না? অবশ্যই পারেন এবং সরকারের কাছে তঁদের দাবি অবশ্যই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়