সালথার প্রধান সড়কগুলো খানা-খন্দকে ভরা
সালথা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:১৬
সালথা উপজেলার প্রধান সড়কগুলোতে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন সড়কগুলো সংস্কারের অভাবে বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। চলতি মৌসুমে শুরুতে কয়েক দিনের টানা বর্ষণে সড়কগুলোর বিটুমিন উঠে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে একদিকে যেমন জনদুর্ভোগ চরমে উঠেছে তেমনি এলাকার কৃষিপূর্ণ বাজারজাত দুরূহ হয়ে পড়েছে।
ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের কাইলীকান্দা থেকে সালথা থানা ও সালথা-নগরকান্দা বাইপাস সড়কের নারানদিয়া স্কুল থেকে মাঝারদিয়া বাজার পর্যন্ত রাস্তার বেহালদশা। এ রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝেই সালথা-ফরিদপুর সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে সংস্কার কাজ করা হয়। সংস্কারের পর থেকে রাস্তাটি ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়।