পাঁচবিবি-কামদিয়া সড়কে পুলিশ ফাঁড়ি না থাকায় বাড়ছে অপরাধ

জয়পুরহাটের পাঁচবিবি-কামদিয়া সড়কের ছাতিনালী, রায়গ্রাম, পিয়ারা, তিরোইল মোড় এখন আতঙ্কের জনপদ। দীর্ঘদিন ধরে এ সড়কে দুর্বৃত্তরা খুন রাহাজানি ডাকাতি অপহূরণ ছিনতাইসহ নানা অপরাধ ঘটিয়েই চলেছে। এলাকাবাসী সড়কটিকে ক্রাইম পয়েন্ট হিসাবে চিহ্নিত করে এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছে। এলাকার ব্যবসায়ী পথচারী হাঁটুরে ও যানবাহনগুলোও নিরাপত্তাহীনতার ঝুঁকি নিয়ে রাতে চলাচল করে থাকে। এলাকাবাসী জানান পাঁচবিবি কামদিয়া সড়কটি সন্ত্রাসী ছিনতাইকারীরা নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসী অপহরণকারী ছিনতাইকারীসহ অপরাধীরা এ সড়কে অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে খুব সহজেই আত্মগোপন করে। ফলে অপরাধী চক্রকে আটক করতে বেশ হিমশিম খেতে হয় পুলিশকে। আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী জানান, গোবিন্দগঞ্জ থানার মধ্য পুলিশ বক্স থাকলেও পাঁচবিবি কামদিয়া সড়কে কোন পুলিশ বক্স নেই। ফলে অপরাধীরা হরহামেশা এ সড়কে নানা অপরাধ করে চলছে। এলাকার শান্তি শৃংখলা ও জননিরাপত্তার লক্ষ্যে ছাতিনালী বা চাঁনপুর এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরি।