রাণীনগরে ৩৩০ মে.টন সার কালোবাজারে বিক্রির অভিযোগ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:১৭
নওগাঁর রাণীনগরে চলতি মাসের বরাদ্দকৃত ৩৩০ মে. টন যমুনা ইউরিয়া সার উত্তোলন করে কালোবাজারে বিক্রি করায় এলাকায় ইউরিয়া সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ফলে, চলতি আমন আবাদ নিয়ে শংকিত হয়ে পড়েছেন কৃষকরা।
চলতি মাসে রাণীনগর উপজেলার সারের মোট চাহিদা ছিল প্রায় ৩ হাজার মে. টন। কিন্তু রাণীনগরের বিসিআইসি’র তালিকাভুক্ত ১১ জন সার ডিলার পেয়েছেন ১৩শ’ ২০ মে. টন। প্রতি ডিলার বাফার ইউরিয়া ৯০ মে. টন ও যমুনা ইউরিয়া ৩০ মে. টন করে বরাদ্দ পেয়েছেন। যা চাহিদার তুলনায় বরাদ্দকৃত সারের পরিমাণ অর্ধেকেরও কম। এমনিতে চাহিদা মতো সার না পাওয়ায় এলাকায় চলছে সার সংকট। এমতাবস্থায় ১১ জন সার ডিলার বরাদ্দকৃত ইউরিয়া সার বাফার গুদাম এবং যমুনা (মিলগেট) থেকে সার উত্তোলন করলেও নিজ নিজ এলাকায় সার না এনে যমুনা (মিলগেটে)’র ৩৩০ মে. টন সার অন্যত্র কালোবাজারে বিক্রি করে দিয়েছে। যার কারণে রাণীনগরের সর্বত্র ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের কৃষক আইয়ুব হোসেন জানান, তিনি এবার প্রায় ৫ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। ইউরিয়া সার কিনতে গিয়ে দোকানে সার পাননি। আবাদপুকুর এলাকার খুচরা সার ব্যবসায়ী ও স্থানীয় ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, কৃষি অফিসারের যোগসাজশে চলতি আগস্ট মাসের বরাদ্দকৃত ৩৩০ মে. টন যমুনা ইউরিয়া সার বিসিআইসি ১১ জন সার ডিলাররা উত্তোলন করে এলাকায় না নিয়ে এসে কালোবাজারে বেশি মুনাফার আশায় চড়া দামে বিক্রি করে দিয়েছে। এতে করে এলাকায় সার সংকট দেখা দেয়ায় কৃষকরা চলতি আবাদ নিয়ে শংকায় পড়েছেন।
রাণীনগর সার ডিলার সমিতির সভাপতি সাত্তার সাহ’র সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কালোবাজারে সার বিক্রির ঘটনা সত্য নয় বলে মোবাইল ফোন কেটে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার জানান, তিনি নিজে গুদামগুলো পরিদর্শন না করে সার ডিলারদের মজুদ রেজিস্ট্রারে স্বাক্ষর করেছেন। কিন্তু বাস্তবে কোন ডিলারদের গুদাম ঘরে যমুনা (মিলগেটের) সার নেই। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, তিনি কালোবাজারে সার বিক্রির ঘটনা জেনেছেন। আগামী ৭ দিনের মধ্যে ১১ জন সার ডিলার যমুনার ৩৩০ মে. টন ইউরিয়া সার তাদের গুদাম ঘরে মজুদ দেখানোর জন্য মুছলেখানামা দিয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখছেন বলে জানান।