কমলগঞ্জে চা বাগানের কর্মকর্তা অবরুদ্ধ

কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান শ্রমিক সর্দারের খাবার ফেলে দিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে চা শ্রমিকরা ব্যবস্থাপক ও কর্মচারীদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। দায়ী সহকারী ব্যবস্থাপককে অপসারণের দাবিতে গত শুক্রবার সকালে চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৩ আগস্ট সহকারী ব্যবস্থাপক (কারখানা) মাহবুবুর রহমান শ্রমিক সর্দার বনমালী বীনের (৫৫) খাবার লাথি দিয়ে ফেলে দেয় এবং তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় গত কয়েক দিন ধরে চা বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। চা শ্রমিকরা প্রধান ব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন করে দায়ী সহকারী ব্যবস্থাপকের অপসারণ দাবি করেন। চা বাগান কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে শুক্রবার সকাল ৮টা থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং চা বাগান ব্যবস্থাপক ও অফিস কর্মচারীদের দুপুর ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম জানান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, এনটিসির ডিজিএম মো. শাহাজাহান চা শ্রমিকদের সাথে বৈঠক করেন। এ সময় তারা রবিবার ইউএনও কার্যালয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেন।