ঠাকুরগাঁওয়ে গলাকেটে গৃহবধূ হত্যা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:১৯
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নারগিস আক্তার (২৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নারগিস ওই উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহট্টা গ্রামের আবু বক্করের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভ্যান চালক আবু বক্কর গভীর রাতে বাড়ি ফিরে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময়ে তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় থানায় খবর দেয়। রাত একটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এ মুহূর্তে বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আড়াইহাজারে ব্যবসায়ী খুন
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় শুক্রবার আলাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত আলাল উপজেলার দড়ি বিশনন্দী গ্রামের মহিদুর মিয়ার ছেলে। সে একটি মুদি দোকানের মালিক ও সুদের ব্যবসা করতো।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের হয়ে আলাল আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে একটি বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।