ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিলাউর হাবলা উচ্চ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে গত বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযানে প্রায় তিন শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সদর উপজেলার শিলাউর হাবলা উচ্চ গ্রামে কয়েকদিন পর পরই সংঘর্ষ হয়। সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে থানার ওসি আব্দুর রবসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় গ্রামের সব লোকজন পালিয়ে যায়। গ্রামের প্রত্যেক ঘর থেকে রামদা, বল্লম, টেঁটা, এককাইট্টা, ছেনি, শাবল, ফলা, বাঁশের চোখামুলিসহ তিন শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, শিলাউর একটি দাঙ্গা প্রবণ গ্রাম। আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান চালানো হয়েছে। অভিযানের ফলে দাঙ্গা কমে আসবে বলে আশা করা হচ্ছে।