বার্সার হয়ে অনিশ্চিত নেইমার

নেইমার বার্সেলোনার হয়ে স্পানিশ লিগে নিজেদের প্রথম খেলায় নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। লা লিগা নামে পরিচিত লিগটির নতুন মৌসুম শুরু হচ্ছে আজ শনিবার থেকে। তবে প্রথম দিন বড় কোনো লড়াই নেই; নেই কোনো বড় দলের খেলা। ফলে নজর থাকছে পরের দিনটিতে। কেননা এদিন নিজেদের মাঠ ন্যু ক্যাম্প বার্সেলোনা এলচের সাথে খেলে শিরোপা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করবে। আগামীকাল রবিবারের এ খেলাটিতে কাতালানদের হয়ে খেলতে পারছেন না নেইমার। গোড়ালির ইনজুরিতে ভুগছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। বিশ্বকাপে পাওয়া পিঠের চোট কাটিয়ে ওঠা নেইমার এরই মধ্যে চিলির ক্লাব লিওনের বিপক্ষে গত সোমবার প্রীতি ম্যাচ খেলার মধ্যদিয়ে মাঠেও ফিরেন। ৬-০ ব্যবধানে পাওয়া ওই জয়টিতে বার্সার হয়ে দু’টি গোলও করেন এই ব্রাজিলীয়। তবে তার ক্লাব জানিয়েছে, লিগের প্রথম ম্যাচে খেলতে পারছেন না ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। গোড়ালির চোটের সঙ্গে নেইমার লড়াই করছেন বলে বিবৃতিতে জানিয়েছে বার্সা। এতে বলা হয়, ‘বৃহস্পতিবার অনুশীলনের পর থেকেই নেইমার তার বাম পায়ে ব্যথা অনুভব করছিল। পরীক্ষায়ও তার পায়ে ব্যথা ধরা পড়েছে। ক্লাবের মেডিক্যাল দল ইঙ্গিত দিয়েছে, অনুশীলনে তার ফিরে আসাটা ইনজুরি কিভাবে সেরে উঠছে তার ওপর নির্ভর করছে।’ চোটে পড়ায় নেইমার গতকাল শুক্রবারের সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও নিজেকে প্রত্যাহার করে নেন। গত মৌসুমে বড় অংকের অর্থে কাতালান ক্লাবটিতে যোগ দিলেও আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারেননি নেইমার। লা লিগায় ২৬ ম্যাচ খেলে ৯ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেস অবশ্য জানিয়েছেন তার দল লা লিগার শিরোপা উদ্ধারের জন্য ঘুরে দাঁড়াচ্ছে। গেলবার ক্লাবটি বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে বাধ্য হয়েছিল। কোচ দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারাতে হয় তাদের। ব্যর্থতা কাটাতে নতুন মৌসুমের আগে আক্রমণভাগ আরো শাণিত করে বার্সা। লিওনেল মেসি এবং নেইমারের সঙ্গে দলটির আক্রমণভাগে যুক্ত হয়েছেন লিভারপুল থেকে আসা লুই সুয়ারেজ। নবনিযুক্ত কোচ লুইস এনরিক নতুন মৌসুমের জন্য দলটিকে শিরোপা জয়ের জন্য প্রস্তুত করার মধ্যেই সামপ্রতিক মাসগুলোতে বার্সেলোনায় যোগ দেন ইভান র্যাকিটিচ, জেরেমি ম্যাথিউ এবং থমাস ভারমেলেনের মতো ফুটবলাররা। কোচ এনরিকের তত্ত্বাবধানে স্পানিশ ক্লাবটি শিরোপা জিতবে বলে আত্মবিশ্বাসী আলভেস। গুঞ্জন সত্ত্বেও বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়া এই ব্রাজিলিয়ান নতুন কোচের প্রশংসা করে বলেন, ‘তার মতো কারো সঙ্গে কাজ করা অনেক আনন্দের। তিনি আমাদের কাছ থেকে অনেক কিছুই আশা করছেন, যা আমাদের শিহরিত করছে। ’ এলচের বিপক্ষে মাঠে নামার আগে এই বার্সা খেলোয়াড় আরো বলেন, ‘আমরা ভালভাবেই কাজ করছি এবং নিজেরাই নিজেদের কাছে অনেক কিছু প্রত্যাশা করছি। অবিশ্বাস্য একটি বছরের দিকে তাকিয়ে আছি আমরা। আমি মনে করি যেসব দল শিরোপা জয়ের মধ্যে থাকতে চায়, তাদের সবসময় একটা আবর্তনের মধ্যেই থাকতে হয়।’—সকারওয়ে