বালোতেল্লির জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেডসরা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:৫৮
প্রস্তাবিত ২০ লাখ ইউরোর বিনিময়ে বালোতেল্লির লিভারপুলে যোগদানের আগে তাকে ক্লাবটির নিয়ম বিধি মেনে চলার অঙ্গীকার করতে হবে বলে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ইতালীয় ক্লাব এসি মিলান থেকে ‘ব্যাডবয়’ খ্যাত এই ফুটবল তারকার লিভারপুলে যোগ দেয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হবার পথে।
বৃহস্পতিবার এসি মিলান ‘বদ মেজাজী’ বালোতেল্লির সানসিরো ছাড়ার কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয় তার ভবিষ্যত্ নিয়ে জল্পনা-কল্পনা। ২৪ বছর বয়সী এই ফুটবল তারকার অ্যানফিল্ডে আগমন নিয়ে মিলান ও লিভারপুলের মধ্যে একটি চুক্তি সম্পন্নের প্রক্রিয়া চলছে।
এদিকে একাধিক ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, মার্সিসাইড ক্লাবটি বালোতেল্লির এজেন্টের সঙ্গে বৃহস্পতিবার যে আলোচনা করেছে তার মধ্যে প্রধান ইস্যু ছিল লিভারপুলের নিয়ম-নীতি মানার ব্যাপারে তিনি পুরোপুরি একমত কিনা।
এর আগে লুইস সুয়ারেজকে নিয়ে মাঠের বাইরের একাধিক বিতর্ক নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হয়েছে লিভারপুলের কোচ ব্রেন্ডান রজার্সকে। বাথরুমে আতশবাজি পোড়ানো থেকে শুরু করে যুব দলের একজন খেলোয়াড়ের দিকে সেটি ছুঁড়ে মারার মত বিভিন্ন ঘটনা ঘটিয়েছিলেন উরুগুয়ের ওই ফুটবল তারকা। তারই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক বিতর্কিত ফুটবলার বালোতেল্লি। যার সঙ্গে প্রায় সময় মতানৈক্যের সৃষ্টি হতো আগের ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি বস রবার্তো মানচিনির। শুধু তাই নয়, সতীর্থ খেলোয়াড়দের সঙ্গেও তার ঝগড়া বিবাদ লেগে থাকতো।
এদিকে মিলানের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুশীলন শেষ করেই এসি মিলানের সতীর্থ খেলোয়াড় ও স্টাফদের কাছ থেকে বিদায় নিয়েছেন বালোতেল্লি। এখন নতুন ক্লাবের সঙ্গে ব্যক্তিগত বিষয়গুলো চূড়ান্ত করার বাকি রয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার ইউকে সময় সকাল ১২টায় (গ্রিনিস মান সময় ১১টা) যদি চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়, তাহলে লিভারপুলের হয়ে প্রথম ম্যাচটিতে তার লড়তে হবে সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সোমবার তিনি মুখোমুখি হবেন লিভারপুলকে হটিয়ে গত মৌসুমের শিরোপা জয়ী ক্লাবটির। —বাসস