ভারতীয় ফুটবলের টেন্ডুলকার হতে চান মাইকেল চোপড়া

ভারতীয় ফুটবলের টেন্ডুলকার হতে চান মাইকেল চোপড়া। ইংলিশ লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের সাবেক খেলোয়াড়টি এ জন্য বৃটিশ নাগরিকত্বও বিসর্জন দিয়ে ভারতের হয়ে খেলতে চান। ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) আদলে আট দল নিয়ে গড়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আসর ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল কেরালা ব্লাস্টার্স গত বৃহস্পতিবার তাকে দলভুক্ত করে। সব মিলিয়ে ৪৯ জন বিদেশি ফুটবলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বেঙ্গালুরু, দিল্লী, গোয়া, গুহাটি, কোচি, কোলকাতা, মুম্বাই ও পুণে কেন্দ্রিক এই দলগুলোতে। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি লিগটির। তবে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে ১২ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে আইএসএল। এই লিগে প্রতিটি দলে ১৪ জন ভারতীয় খেলোয়াড় থাকবেন। এদের মধ্যে চারজন হতে হবে সংশ্লিষ্ট শহরের। প্রতিটি দলে বিদেশি খেলোয়াড় থাকবেন চারজন করে। চোপড়া যিনি কিনা ভারতীয় বাবার সন্তান, ইতোমধ্যে ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন। বিবিসির এশিয়ান নেটওয়ার্ককে তিনি বলেন,‘আমি আমার বৃটিশ পাসপোর্টও বিসর্জন দিতে প্রস্তুত। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন আমার অন্যতম স্বপ্ন এবং আমি ভারতের জাতীয় দলের হয়ে এগিয়ে যেতে চাই।’ আইএসএলে এখন পর্যন্ত যেসব বিদেশি নাম লিখিয়েছেন তাদের মধ্যে তুলনামূলক বিচারে নামকরা হিসেবে চোপড়া ছাড়াও আছেন সাবেক ফ্রান্স স্ট্রাইকার ডেভিড ত্রেজেগুয়ে (এফসি পুণে সিটি), স্পেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার য়োহান ক্যাপডেভিল্লা (নর্থ ইস্ট ইউনাইটেড), এখনো দল ঠিক না হলেও সাবেক আর্সেনাল মিডফিল্ডার ফ্রেডি লুজুংবার্গ, সাবেক লিভারপুল স্ট্রাইকার লুই গার্সিয়া (অ্যাটলেটিকো ডে কোলকাতা), সাবেক বোল্টন ডিফেন্ডার বার্নার্ড মেন্ডি (চেন্নাই)। বর্তমানে ৩০ বছর বয়সী চোপড়া এমন একটি দলে নাম লিখিয়েছেন তার অন্যতম শরীকদার হলেন ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। এ প্রসঙ্গে চোপড়া বলেন,‘আমি কিংবদন্তি শচিন টেন্ডুলকারের অংশ হতে চাই। সবাই তাকে চেনে। কারণ ক্রিকেটের হয়ে তার অবদান এবং আশা করি আমি ফুটবলে তার পদাংক অনুসরণ করতে পারবো।’ চোপড়া শুধু আইএসএলেই নয় ভারতের ক্লাবভিত্তিক মূল প্রতিযোগিতা আই লিগেও খেলতে চান। পাশাপাশি ভারতে একাডেমি গড়ে তুলে আনতে চান সেখানকার শিশুদেরও।