ভারতে ফিরতে চান অনুপ চেটিয়া

ভারতে ফেরার আগ্রহ আছে বাংলাদেশের কারাগারে বন্দি থাকা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অনুপ চেটিয়ার সঙ্গে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কনস্যুলার জেপি সিং দেখা করেন। এ সময় জেপি সিং অনুপ চেটিয়ার কাছে বিভন্ন বিষয়ে জানতে চান। ভারতে ফেরার আগ্রহ আছে কিনা জানতে চাইলে অনুপ চেটিয়া ইতিবাচক উত্তর দেন। জেপি সিংয়ের সঙ্গে হাইকমিশনের একজন দোভাষীও ছিলেন বলে কারাসূত্রে জানা গেছে। কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেপি সিং কারাগারে আসেন। পরে কারা সুপার মো. মিজানুর রহমানের উপস্থিতিতে অনুপের সঙ্গে তারা কথা বলেন। এ সময় অনুপ চেটিয়ার কাছে তার বাংলাদেশে অবস্থানের কথা জানতে চান জেপি সিং। বাংলাদেশ ও ভারতে অনুপ চেটিয়ার কোন স্বজন রয়েছে কিনা তাও জানতে চান। এক পর্যায়ে অনুপ চেটিয়ার দেশে ফেরার আগ্রহ আছে কিনা জানতে চাইলে অনুপ চেটিয়া জানান, আইনগত জটিলতা না থাকলে তিনি দেশে ফিরতে আগ্রহী। প্রায় পৌনে এক ঘণ্টা তাদের মধ্যে আলাপ হয়। উল্লেখ্য, অনুপ চেটিয়াকে ফিরিয়ে নেয়ার ওপর ভারত সরকারের সঙ্গে উলফার শান্তি আলোচনার সফলতা অনেকটা নির্ভর করছে। উলফার প্রতিষ্ঠাতা এই নেতা ১৯৯৭ সালে বাংলাদেশে আটক হন। তার বিরুদ্ধে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়। এসব অপরাধে তাকে সাত বছরের কারাদণ্ডও দেয় বাংলাদেশের একটি আদালত। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। বিভিন্ন সময় আলোচনা হলেও অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়নি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।