নারায়ণগঞ্জ ২নং ওয়ার্ডে আজ উপ-নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন আজ। আলোচিত ৭ খুনের ঘটনায় এই ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নিহত হলে আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেলিনা ইসলাম বিউটি সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই প্রার্থী ইকবাল হোসেন আপেল ও মাসুম রানা পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ৮ হাজার ২১৩, পুরুষ ৮ হাজার ৫১৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮টি, বুথের সংখ্যা ৫০টি। এদিকে নির্বাচনে কারচুপির আশংকা করছেন সেলিনা ইসলাম বিউটি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নির্বাচন কমিশনার ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন সেলিনা ইসলাম বিউটি। আবেদনে ব্যালট পেপার ছিনতাই ও ভোট কারচুপির আশংকাসহ এ ওয়ার্ডে সন্ত্রাসীদের আনা-গোনা বৃদ্ধির কথা উল্লেখ রয়েছে। গতকাল শুক্রবার সেলিনা ইসলাম বিউটি সাংবাদিকদের জানান, নজরুল হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামি ইয়াছিন মিয়া, আমিনুল হক রাজু, ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন আশিক এই ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় নির্বাচনে তাদের আত্মীয়-স্বজন ও সমর্থকরা প্রভাব বিস্তার করতে পারে। তবে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া দুইটি স্পটে অন্তত ৮০ জন সদস্য স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, এডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলা কলাগাছিয়া এলাকা থেকে নজরুলসহ ছয়জন ও পরের দিন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।