হামাসের হাতে ইসরাইলের ১৭ ‘গুপ্তচর’ নিহত

ফিলিস্তিনের হামাস সদস্যরা ১৭ জন ইসরাইলি ‘গুপ্তচর’ হত্যা করেছে। বৃহস্পতিবার ইসরাইলি হামলায় হামাসের তিন সিনিয়র কমান্ডারের হত্যাকান্ডের বদলা নিতে এদের হত্যা করা হয়েছে বলে হামাস দাবি করে। গতকাল শুক্রবার এদের সবাইকে হত্যা করার পর হামাস একথা জানায়। মিডিয়াতে বিবৃতি পাঠানো ছাড়াও হামাস তাদের ওয়েবসাইটে এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। গাজা সিটি পুলিশ হেডকোয়ার্টারে প্রথম দফায় গতকাল সকালে ১১ জনকে এবং দিনের শেষভাগে গাজা স্কোয়ারে আরো ছয়জনকে প্রকাশ্যে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবারও ইসরাইলি গুপ্তচর সন্দেহে হামাস তিনজনকে হত্যা করেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের সবার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা এবং দুই হাত পা বাধা ছিল। শুক্রবার জুমার নামাজ শেষে বেরিয়ে আসা বহু মুসল্লির সামনে হামাসের মুখোশধারী সদস্যরা এদের ‘মৃত্যুদন্ড’ দেয়। খবর আল-জাজিরার।