বাগেরহাটে মাজারে খাদেমদের হামলায় ১০ দর্শনার্থী আহত
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৪
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহঃ)-এর মাজারে এসে খাদেমদের হামলায় মহিলাসহ অন্তত ১০ জন দশনার্থী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। এরা হলেন খুলনার মিস্ত্রীপাড়া এলাকার মো. মুজিবর রহমান (৮২), একই এলাকার সাঈদ শেখের ছেলে বাবু শেখ (২০), মেহেদি হাসান মিঠু (১৮),মনিরা বেগম (৪০) ও চম্পা (২৮)। গুরুতর আহত বাবু শেখ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিত্সা দেয়া হয়েছে।
হামলায় আহত মো. মুজিবর রহমান জানান, হযরত খানজাহান আলী (রহঃ) এর মাজারে মানত থাকায় তারা খুলনা মহানগরীর মিস্ত্রীপাড়া এলাকার প্রায় ১৮-২০ জন এক সাথে সকালে মাজারে আসেন। দুপুরে মাজার সংলগ্ন পোস্ট অফিসের পেছনে নারী-পুরুষেরা রান্না করছিল। এসময় তারা একজনের সাথে মানত হিসাবে আনা ছাগল জবাই করা নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে খাদেম পরিচয়দানকারী মুক্ত ফকির ও মোস্ত ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে খুলনা থেকে আসা ৪/৫টি পরিবারের ১০/১২ জন আহত হয় বলে তিনি দাবি করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, মাজারের খাদেমরা দীর্ঘদিন ধরে মাজার প্রাঙ্গণে অবৈধ ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে। তাদের কাছে জিম্মি থাকতে হয় দূর-দূরান্ত থেকে আসা ভক্ত, দর্শনার্থীদের।
এব্যাপারে জানতে মাজারের প্রধান খাদেম শের আলী ফকিরের সাথে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মাজারের অন্য এক খাদেম হামলার বিষয়টি স্বীকার করেছেন।
এবিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান জানান, হামলার ঘটনায় আহত মুজিবর রহমান বাদি হয়ে কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেছেন। তবে এঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।