জাবি ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী সাময়িক বহিষ্কার

প্রতিপক্ষ গ্রুপের উপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যায় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়। গতকাল শুক্রবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কেএম নুর নবী ও ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দয়ের বাড়ৈ নাম পাওয়া গেলেও শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় বাকীদের নাম জানা যায়নি। এ বিষয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, অফিস আদেশ জারি না হওয়ায় নামগুলো বলা যাচ্ছে না। এদিকে হামলার ঘটনায় ছাত্র-শিক্ষক ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে ভোর ৪টার দিকে ফের দ্বিতীয় দফায় হলে তল্লাশি চালিয়েছে আশুলিয়া থানা পুলিশ। তবে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টায় হলে তল্লাশি চালিয়ে রামদা, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাময়িক বহিষ্কৃত ১৬ ছাত্রের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৪টায় মওলানা ভাসানী হল শাখার সভাপতি শাকিল গ্রুপের নেতাকর্মীদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতাকর্মীরা। এতে সভাপতি গ্রুপের ৮ জন আহত হন।