জিয়া ইতিহাসের খলনায়ক
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানী হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। আর সেই উদ্যানের ইতিহাসকে মুছে ফেলতে জিয়াউর রহমান সেখানে শিশুপার্ক তৈরি করে। যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তারাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ হয়। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ইতিহাসের খলনায়ক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহানায়ক।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংবৃতা আবৃত্তি উত্সব-২০১৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি একেএম সামসুদ্দোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শহীদ উল্লাহ খন্দকার, ঢাকা জেলা পুলিশ সুপার বিপিএম পিপিএম হাবিবুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
তথ্যমন্ত্রী বলেন, অনেকে বলে এখন নাকি নষ্ট সময় যাচ্ছে। আমি বলবো এটি নষ্ট সময় নয়, এখন হচ্ছে ঘুরে দাঁড়ানোর সময়। নষ্ট সময় ছিল ১৯৭১, ১৯৭৫ এবং বিএনপি-জামায়াতের সময়কাল ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত। এ সময়ে একাত্তরের রাজাকারদের বিচার করা হচ্ছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হচ্ছে, গ্রেনেড হামলার বিচার হচ্ছে। তাই বর্তমান সময় কখনো নষ্ট সময় হতে পারে না।