ওবায়দুল গনি চন্দন স্মরণে বগুড়া লেখক চক্রের কবিতাভাসান

বগুড়ার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র কবিতাভাসানের মাধ্যমে স্মরণ করলো সাংবাদিক ছড়াকার ওবায়দুল গনি চন্দনকে। এ উপলক্ষে শুক্রবার সারিয়াকান্দি যমুনা নদীতে কবিতাভাসানের দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া লেখক চক্র। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে রওনা দিয়ে বেলা ১১টায় সারিয়াকান্দি যমুনা নদীর কালিতলা পয়েন্ট পৌঁছেন কবি সাহিত্যিকরা। কবিতাভাসানের শুরুতেই কালিতলা পয়েন্টে ওবায়দুল গনি চন্দন স্মরণে এক আলোচনা সভা বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। ওবায়দুল গনি চন্দন এর কর্ম ও সাহিত্যজীবন নিয়ে কথা বলেন সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির, সাবেক সহ-সভাপতি পান্না করিম, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। তার ‘শক্র’ ‘বাগধারা’ এবং ‘বয়স’ ছড়া তিনটি পাঠ করে শোনান অনামিকা তাবাস্সুম, সুরভিত বেলী এবং কামরুন নাহার কুহেলী। তাকে নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, গণসংযোগ সম্পাদক রনজু ইসলাম, কবি সিকতা কাজল, কবি সতেজ মাসুদ এবং কবি বেলাল সরকার। আলোচনা সভার এক পর্যায়ে অসুস্থ লেখিকা মিতা নূরের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়। আলোচনা সভা শেষে কবি লেখকরা নৌকায় চড়ে যমুনা নদীতে কবিতাভাসানে অংশগ্রহণ করেন। কালিতলা পয়েন্ট থেকে প্রেম যমুনা ঘাট পর্যন্ত ভরা যমুনায় নৌকায় চড়ে কবিতাভাসানে অংশগ্রহণ করেন কবি সাহিত্যিকরা। পরে প্রেম যমুনা থেকে ফিরতি পথে কবিরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।