ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভার্সিটি ছাত্রসহ
জখম ৩
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:২৪
রাজধানীতে পৃথক দুইটি ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন জখম হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভুক্তভোগীরা হলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কংকন চাকমা, অভি চাকমা ও প্রাইভেটকার চালক আবুল হাশেম। শুক্রবার গভীর রাতে শেরেবাংলানগর ও শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভি ও কংকন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র। রাত আড়াইটায় দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের একটি দোকানে যাচ্ছিলেন। ক্যাম্পাস থেকে বের হয়ে তারা রাস্তায় আসলে একটি প্রাইভেটকার যোগে চার ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। তারা বাধা দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা কংকনের বাম হাতে ও অভির পেট এবং হাতে ছুরিকাঘাত করে। এরপর ছিনতাইকারীরা কংকনের মানিব্যাগটি নিয়ে দ্রুত প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
অন্যদিকে ভোর সাড়ে ৫টার দিকে শাহজাহানপুরের বাসাবো ওভারব্রিজের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন প্রাইভেটকার চালক আবুল হাশেম। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনসেট ও নগদ টাকা নিয়ে যায়।