মিরসরাইয়ে রাস্তা সংস্কারে তারুণ্যের উদ্যোগ

মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো তরুণ-যুবকেরা। দীর্ঘদিন ধরে শহীদ শফিউদ্দিন সড়কটি সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে রাস্তা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটতো। তাই রাস্তা সংস্কারে তরুণ- যুবকদের এ উদ্যোগে ভুক্তভোগীরা আশান্বিত হয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লুদ্দাখালী-নন্দীগ্রাম এলাকার শহীদ শফিউদ্দিন সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে এলাকার তরুণরা। তরুণরা আনন্দের সাথে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গায়ের ঘাম ঝরিয়ে নিরলসভাবে সড়ক মেরামতের কাজ করেছে। স্থানীয় গ্রামবাসীর কষ্ট লাঘবের জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে স্থানীয় বাসিন্দা এস এম আবু সুফিয়ানের অনুদানে সামাজিক সংগঠন ‘জোনাকী সংঘ’র একঝাঁক তরুণ সড়কটি সংস্কার করেছে। গতকাল শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্কুল-কলেজ পড়ুয়া তরুণরা পুরোদমে কাজ করছেন। কেউ বালি পাথর আনছেন। আবার কেউবা সড়কে কংক্রিট ভাঙ্গছেন। কেউ গর্ত ভরাট করছেন। সবাই আনন্দ-উচ্ছ্বাসে সড়কে কাজ করছেন।