মিরসরাইয়ে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৩
মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম খোকন বলেন, ছাত্রলীগ কর্মী আকাশ আলিফ হোটেলের সামনে অবস্থান করছিল।
এ সময় ভিপি নিজাম গ্রুপের রাজু, নিশাত, নাজমুলসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে ধাওয়া করে। পরে আকাশ রাতে লোকজন নিয়ে ভিপি নিজাম গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া করে। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। আওয়ামী লীগ নেতা নিজামউদ্দিন ওরফে ভিপি নিজাম বলেন, খোকন গ্রুপের লোকজন তার কর্মী হান্নানকে অপহরণ করে নিয়ে গেছে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল জানান, পূর্ব শত্রুতার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমানকে জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, পাল্টা হামলার ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।