আজ কয়েকটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৪
আজ রবিবার কয়েকটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। ইউনিয়নগুলো হচ্ছে, বাবুগঞ্জের দেহেরগতি, নালিতাবাড়ীর নন্নী, বামনার ডৌয়াতলা, আদিতমারীর ভাদাই ও কালীগঞ্জের তুষভাণ্ডার। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
বাবুগঞ্জ (বরিশাল)
উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী জানান। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগ সমর্থিত রত্তন আলী শরীফ (কাপ-পিরিচ), বিএনপি সমর্থিত নায়লা খানম লিপি (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান (দোয়াত-কলম)। নির্বাচন অফিস সূত্র জানায়, এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩শ’ ১২জন।
নালিতাবাড়ী (শেরপুর)
আজ উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি উপজেলা নির্বাচন অফিস সম্পন্ন করেছে বলে জানিয়েছে। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন, আব্দুর রশীদ সরকার (চশমা), মাহবুবুর রহমান রিটন (জাহাজ) ও আ. হাই আজাদ (আনারস)। নন্নী ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৩৫ জন।
বামনা (বরগুনা)
উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ। এ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসার মোঃ আঃ রশিদ জানান, ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতি কেন্দ্রে ১৭জন আনসার, ৮জন পুলিশ থাকবে। এছাড়া পুলিশ, বিজিবি ও র্যাবের মোবাইল টিম থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। ইতিমধ্যে র্যাব, পুলিশ, বিজিবি এলাকায় টহল শুরু করেছে।
আদিতমারী (লালমনিরহাট)
আজ উপজেলার ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাদাই ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ৭শ’ ৯৩ জন। আর ভোট কেন্দ্র ১২টি ও বুথের সংখ্যা ৫২টি। উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন, শামসুল আলম দুলু (কাপ-পিরিচ), কৃষ্ণ কান্ত রায় বিদুর (মাইক), রোকনুজ্জামান রোকন (আনারস), ইলিয়াস আহমেদ বসুনিয়া (চশমা), আব্দুল মান্নান সরকার (তালা) ও তুবা চৌধুরী (দোয়াত-কলম)।
কালীগঞ্জ (লালমনিরহাট)
আজ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ সমর্থিত নুর ইসলাম আহমেদ (আনারস) ও বিএনপি সমর্থিত শাহাজাহান আলী মাস্টার (তালা)। নির্বাচন সুষ্ঠু করার যাবতীয় প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার ফারুক আহমেদ। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। মোট ১৪টি কেন্দ্রে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি’র সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৮২৬ জন।
আজ মাগুরা আমলসার
ইউনিয়নের নির্বাচন
আজ রবিবার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য স্থানীয় প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। এই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছেন। দশ হাজার ভোটারের ভোট গ্রহণের জন্য ৪টি ভোট কেন্দ্র চালু এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও পুলিশ দায়িত্ব পালন করবে। শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস জানায়- আমলসার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বদরুর আলম হীরো শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ায় পদটি শূন্য হয়। যে কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মেহেন্দিগঞ্জ (বরিশাল)
আগামী ২১ সেপ্টেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ্যাড. মনছুর আহাম্মেদ চেয়ারম্যান, খোরশেদ আলম ভুলু ভাইস চেয়ারম্যান ও রহমান বিনতে শফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত। শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুছ এমপি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামালউদ্দিন খানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৯ জন। ১০টি কেন্দ্রে ৫৫ বুথে ভোট প্রদান করবেন। উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। উপজেলা রিটার্নিং অফিসার নাছিরউদ্দিন চৌধুরী জানান, নির্বাচনের দিন পুলিশের সাথে এলিট ফোর্সের সদস্যরা তদারকি করবেন।