মাকসুদ-ফাওয়াদে পাকিস্তানের নাটকীয় জয়

ষষ্ঠ উইকেটে শোয়েব মাকসুদ ও ফাওয়াদ আলমের চোখ ধাঁধানো ১৪৭ রানের জুটিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। হাম্বানটোটায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে লংকানদের ৪ উইকেটে হারিয়েছে পাকরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিসবাহর দল। ২৭৬ রানের জয়ের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে শুভ সূচনা করলেও ৪৭ রানে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। মোহাম্মদ হাফিজ ২১ ও ইউনিস খান ৩ রানে ফিরেন। ১০৫ রানে পৌঁছাতে আরো তিন উইকেট হারায় তারা। আর তাতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে শ্রীলংকা। কিন্তু এরপরই শ্রীলংকার স্বপ্ন ধূলিসাত্ করতে ব্যস্ত হয়ে পড়েন ফাওয়াদ আলম ও শোয়েব মাকসুদ। শুরুটা ধীরস্থির ভাবে হলেও সময় গড়ানোর সাথে সাথেই উত্তাল হয়ে উঠতে থাকে তাদের ব্যাট। আর তাতেই ম্যাচ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সুযোগে বড় জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন ফাওয়াদ ও মাকসুদ। ২৩তম ওভারে ব্যাটিং শুরু করা এই জুটি ভাঙ্গে ৪২তম ওভারের শেষ বলে। ততক্ষণে ম্যাচ শেষ প্রায়। শহীদ আফ্রিদিকে সঙ্গে নিয়ে বাকি রাস্তাটা নিরাপদেই পাড়ি দেন মাকসুদ। ৭টি বাউন্ডারিতে ৬১ বলে ৬২ রান করে ফাওয়াদ প্যাভিলিয়নে ফিরলেও ৯টি বাউন্ডারিতে ৭৩ বল মোকাবেলা করে ৮৯ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা মাকসুদ। অন্যপ্রান্তে আফ্রিদির রানের পাশে ছিল ১৪ রান। শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও থিসারা পেরেরা। এর আগে বৃষ্টির কারণে সকালে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৪৫ ওভারে নির্ধারণ করা হয় ম্যাচটি। আর টস ভাগ্যে জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাটিং-এর সুযোগ পেয়ে ১৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ৬ রানে ওপেনার তিলকরত্নে দিলশানকে থামিয়ে দেন পেসার মোহাম্মদ ইরফান। এরপর শুরুর ধাক্কাটা বেশ ভালোভাবেই সামাল দেন আরেক ওপেনার উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে স্কোর বোর্ডে ৩৯ রান যোগও করেন তারা। ফলে দলের স্কোর গিয়ে দাঁড়ায় ৫৫ রানে। আর ঐ রানেই ৬ বলের ব্যবধানে সাজঘরে ফিরেন দুই জনই। থারাঙ্গা ১৮ ও জয়াবর্ধনে ২৫ রানে থামেন। থারাঙ্গা ও জয়াবর্ধনে পথ অনুসরণ করে খুব দ্রুত ফিরে যান দিনেশ চান্ডিমালও, করেন ৬ রান। ফলে ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে লংকানরা। সেই কোণঠাসা থেকে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান সদ্য টেস্ট ক্রিকেট ছাড়া মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। খুব দ্রত উইকেটের সাথে মানিয়ে নিয়ে রান বাড়াতে থাকেন তারা। এক পর্যায়ে দুই জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ৬৩ রানে জয়াবর্ধনের বিদায়ে জুটি থামে ১১৬ রানে। জয়াবর্ধনে ফিরে গেলেও, এক প্রান্ত আগলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান ম্যাথুজ। শেষ পর্যন্ত ৮৯ রানে থেমে যান ম্যাথুজ। তাতে খুব বেশি সমস্যা হয়নি লংকানদের। কারণ শেষদিকে ১৫ বলে ৩৯ রানের ক্যামিও একটি ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন আশান প্রিয়াঞ্জন। ফলে ৭ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। পাকিস্তানের পক্ষে ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ। একই ভেন্যুতে আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। -বাসস সংক্ষিপ্ত স্কোর শ্রীলংকা: ২৭৫/৭, ৪৫ ওভার (অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮৯, মাহেলা জয়াবর্ধনে ৬৩, ওয়াহাব রিয়াজ ৩/৫০)। পাকিস্তান: ২৭৭/৬, ৪৪.৫ ওভার (শোয়েব মাকসুদ ৮৯*, ফাওয়াদ আলম ৬২, থিসারা পেরেরা ২/৪৩)। ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শোয়েব মাকসুদ (পাকিস্তান)। সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।