অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের ফাইনাল আজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২২:০৭
ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে আজ ইউরোপের দল জার্মানি মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার দল নাইজেরিয়ার। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় স্বাগতিক কানাডার মন্ট্রিলে অলিম্পিক স্টেডিয়ামে দল দুইটি শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে। সেমিফাইনালে গত বুধবার নাইজেরিয়া ৬-২ গোলে উত্তর কোরিয়াকে এবং জার্মানি ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। গত আসরের রানার্স-আপ জার্মানি এবার শিরোপা জিতলে টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ বসাবে। পক্ষান্তরে নাইজেরিয়া জিততে পারলে এটা হবে তাদের প্রথম শিরোপা। সেমিফাইনালে চারটি গোল করা মোট সাত গোল নিয়ে অ্যাসিসাত ওশোয়ালা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। ফাইনালের ম্যাচের আগে একই ভেন্যুতে তৃতীয়স্থান নির্ধারণী লড়াইয়ে উত্তর কোরিয়া ফ্রান্সের মুখোমুখি হবে।