নারায়ণগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২২:২২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে নিত্য গোপাল সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ফতুল্লার দেলপাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত একটি পেট্রোল পাম্পের কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা নয়ামাটি এলাকায় থান কাপড় ও সুতার ব্যবসা করতেন। তার স্ত্রী জানান, শুক্রবার সকালে ব্যবসায়িক কাজে নরসিংদীর মাধবদিতে যান নিত্য গোপাল সাহা। রাত ৮টার দিকেও মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়। নিত্য গোপাল জানান, নরসিংদী থেকে আসছেন তিনি। কিন্তু রাত ৯টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে নিত্য গোপালকে শনাক্ত করে। পুলিশ তাত্ক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি। নিত্য গোপালের স্ত্রীর ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, কোন কিছুর আঘাতে নিহত ব্যক্তির মুখ থেতলে গেছে। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।