নজরুলের স্ত্রী বিউটি জয়ী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। ‘সিংহ’ প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ২শ ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ‘আপেল’ প্রতীকে পেয়েছেন ১৯শ ৫৮ ভোট। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী ‘পদ্মফুল’ প্রতীকে মাসুম রানা পেয়েছেন ৬শ ৮৬ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৬ হাজার ৭শ ২৯ জন। এর মধ্যে ৭ হাজার ৭শ ৭৫ ভোট কাস্ট হয়। বাতিল হয় ৪৪ ভোট। গতকাল শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনার পর বিকাল সোয়া ৫টায় বেসরকারি ভোটের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। ফলাফল ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে চাই। ২০১১ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন নজরুল ইসলাম। পরে তার প্রতি সম্মান দেখিয়ে এ প্রতীক আর চায়নি অন্য ২ প্রার্থী। নির্বাচনের রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, ৮টি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র্যাব পরিচয়ে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের ৭ জনের লাশ।