ওবামার ভাস্কর্য চোরের বোধোদয়
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২২:৩১
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার টিফানি ব্রুসের প্রিয় রাজনীতিক বারাক ওবামা। বাড়ির বাইরে তিনি ওবামার বাস্তব সাইজের একটি ভাস্কর্য স্থাপন করেছিলেন। কিন্তু একদিন তিনি দেখলেন ‘ওবামা’ আর নেই। মনে বড় আঘাত পেলেন! এক চোর ভাস্কর্যটি চুরি করে নিয়ে গিয়েছিল। কিন্তু ব্রুসের মর্মাহত হবার খবরটি বিভিন্ন মিডিয়ায় এত বেশি প্রচার পায় যে চোরের বোধোদয় হয়। সে বুঝতে পারে একটা খারাপ কাজ করে ফেলেছে। ফলে ভাস্কর্যটি ফেরত দিয়ে যায়।
সাড়ে ১২শ মার্কিন ডলার দিয়ে ভাস্কর্যটি ক্রয় করেছিলেন ব্রুস। ভাস্কর্যটি চুরি হওয়ার পর তার নি:শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি চিকিত্সা নিতে হাসপাতালে গিয়েছিলেন। কারণ তিনি ঘরের সৌন্দর্যবর্ধনের ফার্নিচার না কিনে ওবামার ভাস্কর্যটি কিনেছিলেন। তিনি ভাবতেই পারেনি এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এটাও ভাবতে পারেননি যে তার প্রিয় সেই ভাস্কর্যটি আবার ফিরে পাবেন। চোর ভাস্কর্যটি কাছের একটি পিকনিক স্পটে রেখে যায়। তবে রসিক চোর ওবামার মুখে একটি খাওয়া সিগারেটের শেষাংশ গুঁজে দিয়ে যায়। পাশে রেখে যায় ছয় প্যাকেট চা! - ইউএসওয়েবডেইলি