বন্যায় বাড়তি সচেতনতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২০:০৮
বন্যার পানিতে ডুবে গেছে দেশের হাওর ও উত্তরাঞ্চল। দিন দিন বানভাসী মানুষের সংখ্যা বাড়ছেই। বানভাসী এ মানুষ নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। তারা ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ নানা ধরনের পেটের পীড়া, চোখ ওঠা, মশা ও সাপের উপদ্রবে দিশেহারা।
ডায়রিয়ার ব্যবস্থাপনা
বন্যার সময় সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় খাবার পানি। বিশুদ্ধ পানি পান না করার দরুন হতে পারে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় ও হেপাটাইটিসের মতো অসুখ। এ সময় পানি অবশ্যই ফুটিয়ে পান করতে হবে।
সাপে কামড়ের প্রাথমিক চিকিত্সা
বন্যার সময় যত মৃত্যু হয় তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে সাপে কাটা। বন্যার সময় সাপ তাদের আবাস হারিয়ে শুকনো স্থানে মানুষের সঙ্গে অবস্থান নেয়। এ জন্য সাপে কাটার পরিমাণ বেড়ে যায়। বিষহীন সাপে কাটলে ভয়ের কিছু নেই, তবে বিষধর সাপে কাটলে রোগীকে বাড়িতে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাসপাতালে নিতে হবে।
চোখ ওঠা রোগের চিকিত্সা
বন্যার সময় ও পরে চোখ ওঠা রোগে আক্রান্ত হন অনেকেই। এটা হয় ব্যাকটেরিয়ার সংক্রমণে। চোখ ওঠলে চিকিত্সকের পরামর্শ মতো ৪-৮ ঘণ্টা পরপর অ্যান্টিবায়োটিক ড্রপ করতে হবে। কোনো ড্রপ একবার ব্যবহার করলে অন্য কেউ তা ব্যবহার করবেন না। পরিষ্কার হাতে পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করুন। অপরিষ্কার হাত চোখে লাগাবেন না।