এসএমই ঋণের ৭৬ শতাংশই
যাচ্ছে শহরাঞ্চলে
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২০:৪৮
শহর ও গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ বিতরণের ব্যবধান কমছে না। এ ঋণের বেশিরভাগই যাচ্ছে শহরাঞ্চলে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশও মানছে না অধিকাংশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্যে এমন চিত্রই উঠে এসেছে।
তথ্যমতে, চলতি ২০১৪ সালের প্রথম ছয় মাসে (জুন পর্যন্ত) গ্রামাঞ্চলে এসএমই খাতে ঋণ বিতরণ কম হয়েছে। এ সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মোট ৪৭ হাজার ১৩০ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে। যা সারা বছরের লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ। এর মধ্যে শহর এলাকায় বিতরণ হয়েছে ৩৫ হাজার ৮৭৮ কোটি টাকা। আর গ্রামাঞ্চলে গেছে মাত্র ১১ হাজার ২৫২ কোটি টাকার ঋণ। অর্থাত্ মোট বিতরণ হওয়া ঋণের ৭৬ শতাংশই শহরাঞ্চলে গেছে। আর বাকি ২৪ শতাংশ গেছে গ্রামে।
প্রতিবেদন অনুযায়ী এ সময়ে বিদেশি খাতের সবগুলো ব্যাংকসহ নতুন অনুমোদন পাওয়া অধিকাংশ ব্যাংক গ্রামভিত্তিক এসএমই ঋণ বিতরণ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, শহরের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে গ্রামে ঋণ বাড়ানোর ওপর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও ব্যাংকগুলোর ঋণ হয়ে পড়ছে মূলত শহরকেন্দ্রিক। যদিও এসএমই খাতের অধিকাংশ পণ্য ও ক্লাস্টার গ্রামভিত্তিক। মূলত গ্রামে বিদেশি ব্যাংকগুলোর কোনো ঋণ না দেয়া এবং বিশেষায়িত ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক কম ঋণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম্স বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে গ্রামীণ অঞ্চলে ঋণ বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গ্রামভিত্তিক ব্যাংকগুলোর ঋণ বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগও হাতে নেয়া হয়েছে। যার কারণে গত বছরের চেয়ে এসব গ্রামীণ এলাকায় এসএমই ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। আগামীতে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।