স্বর্ণের দাম ভরিতে ১২২৫ টাকা পর্যন্ত কমেছে

দুই মাস পর স্বর্ণের দাম প্রতি ভরিতে মানভেদে এক হাজার ২২৫ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে। আজ সোমবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ১৮ ক্যারেটের স্বর্ণে কমেছে এক হাজার ২২৫ টাকা। আর ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার ২০১ টাকা। এছাড়া সনাতনী পদ্ধতির স্বর্ণে ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা। সে হিসেবে সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন থেকে বিক্রি হবে ৪৭ হাজার ১৮০ টাকায়। আগে দাম ছিল ৪৮ হাজার ৪০৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ আগে বিক্রি হত ৪৬ হাজার ২৪৭ টাকা। এখন তা ৪৫ হাজার ৪৬ টাকা দরে বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৩৮ হাজার ৪৫৬ টাকা দরে। আগে ভরিপ্রতি দাম ছিল ৩৯ হাজার ৬৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার বদলে এখন ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হবে। অন্যদিকে রুপার দাম অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে বাজুস।