নারী শ্রমিকরা বেতন বৈষম্যের শিকার

মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর সদরে নারী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। ফসলের মাঠে, নির্মাণকাজে এবং বয়লার-চাতালসহ বিভিন্ন কাজে পুরুষ শ্রমিকদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে নারী শ্রমিকরা। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সম পরিমাণ কাজ করলেও মজুরিতে তারা বৈষম্যের শিকার। প্রতিদিন শ্রম বিক্রি করে একজন পুরুষ শ্রমিক যে পরিমাণ মজুরি পান, সমপরিমাণ শ্রম দিয়ে একজন নারী শ্রমিক পান তার অর্ধেক। অল্প মজুরিতে বেশি কাজ পাওয়া যায় এবং কাজে গাফলতি না করায় এই অঞ্চলের শ্রমবাজারে পুরুষের চেয়ে নারী শ্রমিকের চাহিদা ও কদর অনেক বেশি। আমাদের দেশে যেখানে রাষ্ট্রক্ষমতায় নারী, সেখানে নারী শ্রমিকরা বেতন বৈষম্যের শিকার হবেন—এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি। নৃপেন্দ্রনাথ চক্রবর্তী, রাজৈর, মাদারীপুর