নারায়ণগঞ্জ শহরের বাইরের সড়কগুলোর বেহাল দশা
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৪
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর অবস্থা ভালো থাকলেও বাইরের সড়কগুলোর বেহাল দশায় ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। ফতুল্লার ৫টি ইউনিয়নের সব ক’টিতেই বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা। অনেক স্থানই খানা-খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
অন্যদিকে আলিরটেক ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ থেকে পুরান গোপচর বাজার পর্যন্ত সড়কসহ বেশিরভাগ সড়কগুলো প্রশস্ত করা হলেও সড়ক নির্মাণ কাজ শুরু হয়নি। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন শিকদার জানান, ড্রেনেজ ব্যবস্থার জন্য কিছু কিছু সড়কে পানি জমে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কাশিপুর ইউপিতে ভোলাইল নাগবাড়ি সড়কের সবচেয়ে দুরবস্থা। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, এই ইউনিয়ন পরিষদ এলাকার রি-রোলিং মিল বেশি হওয়ায় ট্রাকগুলোও ২০-৩০ টন লোডেড থাকে।
যার ফলে অল্প কিছুদিনের মধ্যেই বৃষ্টির পানিতে সড়কগুলো খানা-খন্দকে পরিণত হয়। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, শাসনগাও-মুসলিমনগর-চরনরসিংপুর সড়ক দেড়-দু’বছর আগে সংস্কার করা হলেও বর্তমানে তার বেহাল অবস্থা। নদীর ওই পাড়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ১ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য ৮-৯ বার টেন্ডার আহবান করা হলেও কেউ টেন্ডারে অংশ নেয়নি।
সদর উপজেলা এলজিইডির দায়িত্বে থাকা প্রকৌশলী তারেক জামান জানান, আমাদের ৮টি প্রধান সড়ক, এরপর ৮টি শাখা সড়ক ও ২১টি গ্রামীণ সড়ক অগ্রাধিকারভিত্তিতে সংস্কার করতে হয়। আমাদের চাহিদা বেশি থাকলেও বরাদ্দ খুবই কম। নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ জানান, সীমিত সম্পদ কিন্তু প্রত্যাশা বেশি।
যার কারণে একসঙ্গে সবগুলো সড়কের সংস্কার করতে পারছি না। আমরা এডিবির ডিপিপি প্রজেক্টের প্লানিং বিভাগে ৬০০ কোটি টাকার জন্য আবেদন করেছিলাম। এর মধ্যে ১৮২ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। যদিও এর মধ্যে ৩০ ভাগ সিটি করপোরেশনকেই পরিশোধ করতে হবে। ইতিমধ্যে বেশ কিছু সড়কের সংস্কার কাজের টেন্ডার হয়ে গেছে।