দোহারে ৬ বছরেও পূরণ হয়নি বেড়িবাঁধ নির্মাণের দাবি
মো.কাজী সোহেল, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৬
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের মানুষকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির ৬ বছর পার হতে চললেও বেড়িবাঁধ তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কিন্তু রাক্ষুসী পদ্মার হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। জানা গেছে, বর্ষা মৌসুমে পদ্মার পানি বেড় যাওয়ায় দোহারের নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট ও দেওয়ান বাড়ীর মোড় এলাকায় গত ৪ দিনে দোকানপাটসহ প্রায় শতাধিক পরিবারের শত বছরের স্মৃতি জড়িত ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে এ বছর প্রায় দেড় শতাধিক পরিবার ভাঙ্গনের কবলে পড়ে সব হারিয়েছে।
এছাড়া দোহার কাঁশিয়াখালী বেড়িবাঁধের বাহ্রাঘাট এলাকা হুমকির মুখে রয়েছে। স্রোতের চাপে যে কোন সময় ধসে পড়তে পারে।
এ ভয়ে আতংকে দিন কাটছে বাঁধ এলাকার কয়েক হাজার পরিবার । ভাঙ্গন কবলিত এলাকার মানুষ স্থাপনা সরাতে এদিক সেদিক ছুটাছুটি করছে। কেউ ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত, কেউ আবার গাছপালা কাটার কাজে ব্যস্ত।
কেউ চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। পানি বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে পদ্মা হয়ে উঠে আগ্রাসী। ঘরবাড়ি দোকানপাট নদীগর্ভে বিলীন হচ্ছে।
পদ্মা ভাঙ্গন যেন ওদের নিয়তির লিখন। গত তিন যুগে দোহারের নয়াবাড়ী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের পুরোটাই পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। এমপি, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির পরও দোহারবাসীর একমাত্র দাবি পদ্মার ভাঙ্গন রক্ষায় কেউই এগিয়ে আসেনি।
“আমাগো কপালের লিখন যেন পদ্মা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাওয়া। প্রতিশ্রুতির কথা গুলো লিখে নদীর পারে ফেললেও মনে হয় ভাঙ্গন থেমে যেতো এমনই ধারণা দোহারের নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা গ্রামের মো.আলী হোসেনের। আলী হোসেনের মতো ওই এলাকার বাসিন্দা আবু সাহিদ মোল্লা বলেন, সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান ও বর্তমান এমপি সালমা ইসলাম সকলেই আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউই কাজ দেখাতে পারলেন না। আমাদের কষ্ট আহাজারি আর বিলাপ যেন কারো কর্ণপাত হচ্ছে না।
ধোয়াইর গ্রামের বাসিন্দা ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, বেড়ীবাঁধ নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়া বলেন, দোহারের পদ্মা ভাঙ্গন নিয়ে আমরা সত্যিই আতংকিত। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।