হতদরিদ্র নারীদের শ্রমে অক্ষত ফুলবাড়ির রাস্তা-ঘাট

সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করে হতদরিদ্র নারীরা জীবিকা ও সামাজিক মর্যাদা ফিরে পেয়েছেন। ফুলবাড়ি উপজেলার জাঙ্গাল হতে রুদ্রানী পর্যন্ত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ করেন ১০জন হতদরিদ্র দিনমজুর নারী। প্রতিদিন তারা সকাল ৮টার আগেই হাতে কোদাল আর ডালা নিয়ে হাজির হন তাদের কর্মস্থল ঐ সড়কে, বিকেল ৩টা পর্যন্ত টানা সড়কের দু’পাড় মেরামতের কাজে। উপজেলার কাজিহাল বোর্ডপাড়া গ্রামের মৃত গহিরউদ্দিনের স্ত্রী ওয়াহেদা (৩৩), একই গ্রামের মৃত ওহান রাম কিস্কুর স্ত্রী মারচো হাসদা (৩৫), আঁঁখিঘটনা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি আক্তার (৪২), জয়ন্তি গ্রামের লক্ষ্মণ রায়ের স্ত্রী লিমা রানী (১৮) বলেন, এ কাজটি পাওয়ার আগে তাদের পরিবারের অভাব অনটনের কারণে দিন কাটানো দায় হয়ে পড়েছিল। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কাজটি পাওয়ার পর পরিশ্রম হলেও সম্মানের সাথে জীবিকা নির্বাহসহ তিনবেলা পেটভরে খেতে পারছেন পরিবারের সবাইকে নিয়ে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মোসলেমউদ্দিন বলেন, গ্রামীণ সড়কগুলো তদারকি না করলে সড়কের পাড় ভেঙ্গে তাড়াতাড়ি নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ঐসব নারী পাড় মেরামতসহ সড়ক দেখাশোনা করায় সড়কগুলো দীর্ঘদিন ধরে অক্ষত থাকছে। এ কাজের জন্য প্রতিটি নারীকে মাসিক মজুরি হিসেবে দেয়া হয় ৪ হাজার টাকা। তবে নগদ নয়, তাদের ব্যাংক হিসেব খোলা হয়েছে। সেই ব্যাংক হিসেবেই তাদের মজুরির টাকা জমা হয়ে যায়। তবে ৭ বছরের জন্য প্রকল্পটি দেয়া হয়েছে।