খাঁচায় মাছ চাষে রেকর্ড গড়েছেন পাবনার যুবক
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৭
ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের হাফিজুর রহমান বড়াল নদীতে খাঁচায় মাছ চাষ করে রেকর্ড সৃষ্টি করেছেন। গত এক বছরে ৩০টি খাঁচায় তেলাপিয়া মাছ চাষ করে তিনি ৭ লাখ টাকা আয় করেছেন।
গত জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে তিনি জাতীয় পর্যায়ে খাঁচায় মাছ উত্পাদনে রেকর্ড সৃষ্টি করায় রৌপ্য পদক লাভ করেন। তিনি জাতীয় এ পুরস্কার পাওয়ায় পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে ক্রেস্ট প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ।
হাফিজুর রহমান বর্তমান ৫০টি খাঁচায় মাছ চাষ করছেন এবং তার মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় আরো ৪ জন ১৩০টি খাঁচায় মাছ চাষ শুরু করেছেন। দেশের নদীগুলো এভাবে খাঁচায় মাছ চাষের আওতায় আনলে দেশে মাছের চাহিদা মিটিয়েও হাজার হাজার টন মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব বলে ওয়াকিবহাল মহল মনে করেন।