পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৯
টাঙ্গাইলের মির্জাপুরে চারজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মির্জাপুরে পৃথক ঘটনায় চালকসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যার আছিমতলা এলাকায় গতকাল রবিবার একটি যাত্রীবাহী বাস ও মাছভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালকসহ দুইজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, চালক আব্দুল মালেক (২৫) ও মো. লুত্ফর রহমান (২৭)। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এদিকে মির্জাপুর বংশাই নদীতে গতকাল রবিবার সকালে বালুভর্তি দুইটি ট্রলারের সংঘর্ষে ট্রলারডুবিতে আলমগীর হোসেন নামে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ এবং অনেকে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে উপজেলার সাহাপাড়া গ্রামে গতকাল রবিবার গলায় ফাঁস দিয়ে সুশান্ত সাহা বাবু (৩০) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি ৭০ নং ভাদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকর্মী ও স্থানীয়রা জানান, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
নারায়ণগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ও সোনারগাঁওয়ের কাঁচপুরে শনিবার বিকালে পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামালপুরের আব্দুস সামাদ (৪২), সীতাকুন্ড বড়কুমিরিয়া গ্রামের মো. দেলোয়ার (২৫) ও শওকত আলী (৩৫)।
ফতুল্লার পঞ্চবটি এলাকার হোসেন হাউজিং এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে আব্দুস সামাদ নামের এক নির্মাণ শ্রমিক মারা যান। সোনারগাঁও উপজেলার ললাটি বটতলা এলাকায় ক্রেনের মাধ্যমে রড উত্তোলন করার সময় বিদ্যুতের মেইন তার স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার ও শওকত আলী নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত শনিবার সন্ধ্যায় ডোবার পানিতে ডুবে রাবেয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গোবিন্দগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে আপেল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত ও শিপন নামে একজন আহত হয়েছেন। সন্ধ্যায় জমির কাজ শেষে বাড়ি ফিরছিলেন আপেল ও শিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আপেল মারা যান। আহত শিপনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সখীপুরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর গতকাল রবিবার সকালে বংশাই নদী থেকে স্বর্ণা (১৩) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত শুক্রবার প্রেমিকের সঙ্গে অভিমান করে সে নদীতে ঝাঁপ দেয়।