ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিতর্কে মেসি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে স্ট্যাটাস দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসি সপ্তাহ দুয়েক আগে তার ফেসবুক পাতায় আহত এক ফিলিস্তিনি কিশোরকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছিলেন। এসময় গাজার পরিস্থিতি নিয়ে দুঃখও প্রকাশ করেছিলেন বার্সেলোনার এই ফুটবল তারকা। কিন্তু শুক্রবার গাজা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে মারা যায় বছর চারেকের মেসি ভক্ত এক ইসরাইলি শিশু যার নাম ডেনিয়েল ট্রেগারন। এখন ইসরাইলি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের দাবি, মেসি যেন ইসরাইলি ওই শিশুর জন্যও দুঃখ প্রকাশ করেন। মেসি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন,‘একজন পিতা এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধে হতাহতের ছবিগুলো দেখে আমি খুবই মর্মাহত। যেখানে যুদ্ধের ফলে বিপুলসংখ্যক তরুণ প্রাণের মৃত্যু ঘটছে। সেই সঙ্গে মারাত্মকভাবে আহত হচ্ছে।’ ইসরাইল ৮ জুলাই ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে গাজায় সামরিক অভিযান শুরু করার পর ট্রেগারন হচ্ছে প্রথম ইসরাইলি শিশু যে কিনা মর্টার হামলায় প্রাণ হারায়। সামাজিক মাধ্যমটিতে মেসির জার্সি পরিহিত অবস্থায় ওই শিশুটির একটি ছবিও পোস্ট করে ইসরাইলি ফেসবুক ব্যবহারকারীরা। সেখানে লিরান কোহেন নামক এক ফেসবুক ব্যবহারকারী শনিবার লিখেছেন,‘ওহে লিও মেসি, এই ছেলেটির দিকে তাকান। যে পরিধান করে আছে বিশ্বের সেরা খেলোয়াড়ের জাতীয় জার্সি।’ লেখাটি তিনি মেসি ও এফসি বার্সেলোনার পেজেও যুক্ত করে দেন। -বাসস